নিজস্ব প্রতিনিধি:
জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাকে সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জবাবদিহিমূলক ও জনমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ও উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল। বর্তমান সরকারও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা এবং জাতীয় আদর্শের চর্চা জোরদার করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।