নিজস্ব প্রতিনিধি:
গণভোটের ফল বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির নেতারা গণভোটের সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানান এবং বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন।
শনিবার আয়োজিত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জনগণ নির্বাচন যেমন সমর্থন করেছে, তেমনি গণভোটের মাধ্যমেও সংস্কারের পক্ষে মত দিয়েছে। তার দাবি, নির্বাচনের ফল গ্রহণ করা হলে গণভোটের ফলও একইভাবে বাস্তবায়ন করা উচিত।
আখতার হোসেন অভিযোগ করেন, গণভোটের বিষয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নেয়নি। তার ভাষ্য, জনগণের দেওয়া দুটি রায়ের মধ্যে একটি গ্রহণ করে অন্যটি প্রত্যাখ্যান করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার অভিযোগ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পূর্বঘোষিত অবস্থান থেকে সরকার সরে এসেছে এবং নির্বাচন আয়োজন বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে তিনি প্রশাসনে দলীয়করণের আশঙ্কার কথাও উল্লেখ করেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি দাবি করেন, সীমান্তে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি দেশের জনগণও সচেতন ও প্রস্তুত রয়েছে।
ফুলবাড়ী পৌর এলাকার জোড়াব্রিজ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান নিশাত চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আল, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ। বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং নাগরিক অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।