স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে দেশব্যাপী পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে বিএনপি। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস, মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থনে একক প্রার্থী নিশ্চিত করার কৌশল নিয়ে কাজ করছে দলটির শীর্ষ নেতৃত্ব।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচন শেষ হওয়ার পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে। এর আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও কার্যকর ও সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১১ জুলাই অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি সাংগঠনিক স্থবিরতা দূর করা, অভ্যন্তরীণ বিরোধ কমানো এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা ও মহানগর কমিটির পুনর্গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূলের কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হলেও স্থানীয়ভাবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিভক্তি এড়াতে বিএনপি একক প্রার্থীর পক্ষে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করবে।

গত জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যে সাংগঠনিক সংকট তৈরি হয়েছিল, এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের সময় ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিতর্কিত ব্যক্তি বা অনুপ্রবেশকারীদের স্থান না দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এটি ছিল মূলত একটি সাংগঠনিক মতবিনিময় সভা। জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বসে সাংগঠনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক ব্যবহার করবে না। তবে স্থানীয় নেতারা যদি সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থী নির্ধারণ করতে পারেন, তাহলে দল তার পক্ষেই অবস্থান নেবে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন জানান, বৈঠকে সংগঠনের বর্তমান অবস্থা, স্থানীয় সমস্যাসহ আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলকে আরও গতিশীল করার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির এক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতাদের মতে, শক্তিশালী তৃণমূল সংগঠন গড়ে তোলার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি আরও সুসংগঠিতভাবে অংশ নিতে চায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top