ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই আন্দোলনের স্মৃতি, থাকবে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের ই-পাসপোর্টে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনছে সরকার। নতুন সংস্করণের পাসপোর্টে দেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মারকচিত্র। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে সংযোজন করা হবে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতাগুলোর জলছাপ নতুনভাবে বিন্যাস করা হচ্ছে। বিশেষ করে ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত চিত্র সংযোজন করা হবে, যেখানে আন্দোলনে নিহত তিন শহীদের প্রতিকৃতি থাকবে। এর মাধ্যমে দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও প্রতিফলিত হবে।

নতুন নকশায় বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানাম নগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার জলছাপ সংযোজন করা হচ্ছে।

প্রাকৃতিক সৌন্দর্যও গুরুত্ব পেয়েছে নতুন ডিজাইনে। কক্সবাজারের সমুদ্রসৈকত ও ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির মনোরম দৃশ্য পাসপোর্টের বিভিন্ন পাতায় স্থান পাবে। এছাড়া জাতীয় প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ ও কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও যুক্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের নকশায় এসব পরিবর্তন আনা হলেও ডাটা পেজে বিদ্যমান ঘোষণা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই শর্ত বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন নকশা দ্রুত কার্যকর করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top