সরকারি হাসপাতালেই যেন মানুষ পূর্ণাঙ্গ চিকিৎসা পায়, স্বাস্থ্যখাতে একাধিক নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

দেশের সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালকে সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে পরিণত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত ও সন্তোষজনক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যখাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এটিই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সরাসরি উপস্থিত হয়ে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন। চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের প্রয়োজনীয় সুবিধা এক জায়গাতেই নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে হবে।

সভায় বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা কাটিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রসঙ্গ তুলে ধরা হলে প্রধানমন্ত্রী দায়িত্বে অবহেলার বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যেখানে চিকিৎসক রয়েছেন, সেখানে জনগণ যেন কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট রয়েছে, সেগুলো ধাপে ধাপে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এ লক্ষ্যে দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি পরিকল্পনার অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা এ বিষয়ে অবকাঠামো সম্প্রসারণ, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top