নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তার ভাইয়ের সঙ্গে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মো. মনিরুজ্জামান পুলিশের সরকারি ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, তিনি সরকারি চাকরিজীবীর শিষ্টাচার লঙ্ঘন করেছেন, নির্বাচনী পরিবেশে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন এবং পুলিশের নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
বিভাগীয় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১১ আগস্ট মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন। তবে বিভাগীয় মামলার নিষ্পত্তির পর সরকার তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করেছে।