‘জুলাইয়ের লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, লুটপাটের পুনরাবৃত্তি নয়’—চিতলমারীতে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ও সংস্কার নিশ্চিত করা। তিনি বলেন, ক্ষমতার পালাবদলের মাধ্যমে নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা দুঃশাসনের সুযোগ সৃষ্টি হলে আন্দোলনের আত্মত্যাগের মূল্য প্রশ্নবিদ্ধ হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি ‘জুলাই পদযাত্রা’ আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সাধারণ মানুষ—বিশেষ করে কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের জনগোষ্ঠী—সমান নাগরিক অধিকার ভোগ করবে, এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই তারা জনগণের কাছে যাচ্ছেন। তিনি দাবি করেন, জনগণ কোনো একটি গোষ্ঠীকে সরিয়ে অন্য আরেকটি গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেনি; বরং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল গণঅভ্যুত্থানের লক্ষ্য।

বক্তব্যে তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ শেখ পরিবারকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে তাদের নেতৃত্ব গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন।

সভায় তিনি চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামির পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে সমর্থন কামনা করেন।

এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এফএম শাহরিয়ার আল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকামিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, নারীশক্তির নেত্রী আজবীন আরোবিন নওশিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পথসভা শেষে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা চিতলমারী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top