‘বিএনপি ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে’—নীলফামারীতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন: জুলাই সনদ বাস্তবায়নের দাবি, রাষ্ট্র সংস্কার ও উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বারোপ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফা অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পাঁচ মাস পরও সে প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দেশে দীর্ঘদিন ধরে স্বৈরশাসন, গুম, হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিভিন্ন গণআন্দোলন দমনের ঘটনাগুলো জনগণকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে। সেই প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও বর্তমানে সেই রায়ের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচিতে সংবিধান সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল। কিন্তু বর্তমানে তারা এসব অবস্থান থেকে সরে এসেছে। বিচারপতি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলেও তিনি দাবি করেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে আখতার হোসেন বলেন, ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে এবং বাজেট ঘোষণার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রীয় সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ এনসিপির প্রতি আস্থা রেখেছে। সীমিত আসনে নির্বাচন করেও দলটি সংসদে প্রতিনিধিত্ব করতে পেরেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপি সমর্থিত প্রার্থীরা অংশ নেবেন। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে ভোটাধিকার নিশ্চিত হবে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, সীমান্ত নিরাপদ থাকবে এবং সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিল্পায়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। তিনি জুলাই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় প্রভাব, টেন্ডারবাজি ও অনিয়মের কারণে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এসব অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি তিনি সম্প্রতি ঘোষিত একটি উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে অভিযোগ করেন, উন্নয়ন কার্যক্রমে সব অঞ্চলের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

জলঢাকার পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আরেকটি পথসভায় অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top