নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী ডা. দর্পণ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুল হাসান দর্পণের নাম ঘোষণা করেছেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘোষণার পর আখতার হোসেন ও নাসির উদ্দিন পাটোয়ারী ডা. দর্পণের হাত উঁচিয়ে তাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। উপস্থিত নেতাকর্মীরা করতালি ও স্লোগানে এ ঘোষণাকে স্বাগত জানান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে আর ফিরে আসতে দেওয়া হবে না। তাদের চিহ্নিত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে দেশের নাগরিক হিসেবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেউ যদি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়, তাহলে জনগণ তা প্রতিহত করবে। তারা ব্যবসা-বাণিজ্য করুক, জীবিকা নির্বাহ করুক—সেটি নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।’

বিএনপির প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ‘দেশ থেকে একটি ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে। এখন যদি বিএনপিও একই ধরনের ফ্যাসিবাদী আচরণ শুরু করে, তাহলে দেশের মানুষ সেটিও মেনে নেবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই শেষ হয়ে যায়নি, জুলাই আন্দোলন এখনও চলমান। শহীদ ওসমান হাদির আত্মত্যাগ সেই আন্দোলনের ধারাবাহিকতার প্রমাণ।’

তিনি বলেন, এনসিপির নেতাকর্মীরা পাড়া-মহল্লায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং জনগণের পাশে থেকে কাজ করবেন।

পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা রাষ্ট্র সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারে নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জলঢাকায় অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে এ পথসভায় যোগ দেন। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top