গাজী নজরুলের এমপি পদ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, সংসদের চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারকে কেন্দ্র করে তার সংসদ সদস্যপদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য, জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তাদের কাছে পাঠানো হলে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারে না। সংসদের পক্ষ থেকে প্রয়োজনীয় রেফারেন্স বা আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই কমিশন বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দল কর্তৃক কাউকে বহিষ্কার করা হলে কেবল সেই কারণেই সংসদ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সংসদের স্পিকারের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়া আবশ্যক।

নির্বাচন কমিশনার আরও জানান, জাতীয় সংসদ থেকে নির্ধারিত প্রক্রিয়ায় বিষয়টি কমিশনের কাছে এলে আইনগত দিকগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় রেখে ভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

তার ভাষ্য, প্রথম পর্যায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের আগ্রহ রয়েছে। তবে ভোটের সময়সূচি নির্ধারণে আবহাওয়ার পরিস্থিতি, বিভিন্ন জাতীয় পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হবে, যাতে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top