নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তৎপরতায় সীমান্ত অতিক্রমের আগেই তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার ভোরের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন নদীপথ ব্যবহার করে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।
ওই আটজনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ব্যক্তি ছিলেন। তারা সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় ভারতের দিকে ফিরে যান এবং পুশইনের উদ্যোগটি সফল হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।