নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। হৃদয়বিদারক এ ঘটনায় সবচেয়ে মর্মান্তিক মুহূর্তের জন্ম হয় যখন দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যাওয়া এক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, নিহত শিশুটি তারই সন্তান।
শুক্রবার সকালে শহরের গাইটাল এলাকার আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তুহিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। সেখানে পৌঁছে নিহত শিশুর মরদেহ দেখে তিনি জানতে পারেন সেটি তার নিজের ছেলে। এ দৃশ্য দেখে তিনি শোকে ভেঙে পড়েন। সহকর্মী ও উপস্থিত স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি উপস্থিত সবার মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।