সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন নেতৃত্ব

ইবনে রাফিত বিন রাইয়ান, সিকৃবি প্রতিনিধি, সিলেট:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১১তম কার্যনির্বাহী ছাত্র সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

এতে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ জাহান মজুমদার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ছাত্র প্রতিনিধিদের মধ্যে সহ-সভাপতি হিসেবে তাহসিন আহমেদ সিফাত, সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইমুন ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান শিহাব, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক হিসেবে সালাহ উদ্দিন বিন সুলতান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আহমেদ এবং সদস্য হিসেবে রনি ও মো. শাহরিয়ার রহমান সিয়াম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইমুন ইসলাম কবির বলেন, “আমার প্রতি সবার যে আস্থা, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রদান করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার এই ভালোবাসায় আমি ঋণী। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও সমর্থনে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব। আমরা প্রত্যাশা করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে অনুষদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

সহ-সভাপতি তাহসিন আহমেদ সিফাত বলেন, “কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১১তম কার্যনির্বাহী ছাত্র সমিতির সহ-সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় অনুষদের সকল শিক্ষক, সিনিয়র, সহপাঠী ও জুনিয়রদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিশ্বাস ও ভালোবাসা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সর্বদা শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতা ও আন্তরিক সমর্থনে আমাদের অনুষদকে আরও সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে পারব—এই প্রত্যাশা রাখি।”

নবনির্বাচিত প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করাই হবে তাদের প্রধান অঙ্গীকার। পাশাপাশি শিক্ষার্থী ও অনুষদ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করে একটি শিক্ষাবান্ধব ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top