ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বহাল থাকছে ৭ শীর্ষ ব্যক্তির নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি:

সরকারি ব্যয় হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সীমাবদ্ধতা বিবেচনায় মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই বহাল রাখা হয়েছে।

সরকারি সংশ্লিষ্ট সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে ২৪ সদস্যের মন্ত্রিসভার মধ্যে ১৮ জন মন্ত্রী আর পুলিশের বিশেষ এসকর্ট সুবিধা পাচ্ছেন না।

তবে এসকর্ট প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারি নীতিমালা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান, বাসভবনে হাউজ গার্ড এবং রাজধানীর বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পেয়ে যাবেন।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার ব্যয় কমানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান পুলিশ বাহিনীর জনবল সংকট এবং পর্যাপ্ত যানবাহনের অভাবও এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একজন মন্ত্রীর এসকর্ট টিমে সাধারণত একজন উপ-পরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। তাদের জন্য একটি পুলিশ পিকআপ ভ্যান বরাদ্দ থাকে এবং সদস্যদের বেতন-ভাতা থেকে শুরু করে যানবাহনের জ্বালানি ব্যয় পর্যন্ত সরকারি অর্থ থেকেই বহন করা হয়।

বর্তমানে যেসব ব্যক্তি এই বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় থাকছেন তারা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ মোট ৪৯ জন ভিআইপির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনের তুলনায় প্রায় ৯০০ জন সদস্যের ঘাটতি থাকায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।

পুলিশের কর্মকর্তারা আরও জানিয়েছেন, জনবল সংকটের পাশাপাশি পর্যাপ্ত যানবাহনের অভাবও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতায় প্রোটেকশন ইউনিটের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সীমিত সংখ্যক গাড়ি দিয়েই একাধিক ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী করতে সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top