‘জনগণের ওপর ক্ষমতার দাপট দেখালে তিনি সরকার ও দলের শত্রু’— তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিনিধি:

জনগণের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, যারা সাধারণ মানুষের ওপর ক্ষমতা ফলানোর চেষ্টা করবে, তারা শুধু সরকারের নয়, দলীয় নেতৃত্বেরও বিরোধী হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল এলাকায় উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রকৃত ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণকে অবমূল্যায়ন করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করার মানসিকতা কোনো রাজনৈতিক কর্মীর থাকা উচিত নয়। তিনি অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের উদাহরণ টেনে বলেন, ক্ষমতার অহংকার শেষ পর্যন্ত টেকে না; জনগণের সিদ্ধান্তই শেষ কথা।

তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনের নিচের পর্যায়ের কোনো নেতাকর্মী যদি দায়িত্বহীন আচরণ বা ক্ষমতার অপব্যবহার করেন, তার দায় শেষ পর্যন্ত পুরো দলকেই বহন করতে হয়। তাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জহির উদ্দিন স্বপনের ভাষায়, একটি বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানুষ থাকেন। কেউ সংগঠনের দুঃসময়ে পাশে থাকেন, আবার কেউ সুবিধার সময়েই সক্রিয় হন। এসব ব্যক্তিকে চিহ্নিত করে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যেন কোনো অনিয়ম বা অপরাধ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে জড়ালে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয়।

সভায় উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও জেলা বিএনপি, কৃষকদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top