র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকরা। শনিবার বেলা ১১টার দিকে বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীদের সমন্বয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলাম এবং প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পরিদর্শনে আসামিপক্ষের আইনজীবীরাও অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল র‍্যাব, ডিজিএফআই এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) কথিত গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রসিকিউশনের আবেদনে দাবি করা হয়, আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতের ব্যক্তিদের এসব গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ-সংক্রান্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবেই সংশ্লিষ্ট স্থাপনা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিদর্শনের সময় বিচারকরা টিএফআই সেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিচারিক তদন্তের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এই কার্যক্রম চলমান তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top