নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে দ্রুত জড়িতদের শনাক্তের দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। তিনি ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা না গেলে থানার সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করবেন।
রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা-পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
বিল্লাল হোসেন ব্যাপারী অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার একটি ছবি সম্পাদনা করে সেটির সঙ্গে মদের বোতল ও অপর দুই ব্যক্তির ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, বিষয়টি জানার পরই শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে অভিযোগের পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিল্লাল হোসেন পুলিশ সুপারের উদ্দেশে বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা না হলে তিনি শ্রীপুর থানার সামনে গিয়ে আত্মহত্যা করবেন।
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেতার অভিযোগেরও যদি দ্রুত তদন্ত না হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার বিষয়ে কীভাবে আস্থা রাখবে—সেই প্রশ্নও সামনে আসে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ বিষয়ে পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বিল্লাল হোসেনকে আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি নাগরিকের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।