‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমাসদৃশ ব্যাগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর পেছনের কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তবে যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা ও নাশকতার প্রচেষ্টা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, অতীতের মতো কোনো উগ্রবাদী বা সহিংস গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। কেন জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।

তিনি আরও জানান, বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top