বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাদিক এগ্রোর চেয়ারম্যানকে

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রানা রায় গত ৩১ জুলাই ইমরান হোসেনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে ইমরান হোসেনের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো প্রয়োজন।

শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে ইমরান হোসেনকে মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট এবং আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, ওই সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বহু মানুষ আহত হন। এ ঘটনায় আন্দোলনকারী মো. ছালেমান গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আহত ছালেমান।

উল্লেখ্য, ‘ছাগল কাণ্ড’ নিয়ে আলোচনায় আসা সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন এর আগে ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক গ্রেফতার হন। পরে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মানি লন্ডারিং মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সেই মামলায় তিনি আগে থেকেই কারাবন্দি ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top