স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা বাস্তবায়িত হলে আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার চেষ্টা করা হবে। তার উপস্থিতি দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার তৈরি করা সম্ভব। এজন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় কিংবা কলেজ—সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান তা করতে ব্যর্থ হলে এমপিও সুবিধা স্থগিত রাখার বিষয়ও বিবেচনায় রয়েছে। প্রয়োজন হলে বিকল্প উপায়ে দল গঠনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হবে।
সভায় জানানো হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় কার্যক্রম চলছে।
স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে বিশ্বখ্যাত ফুটবল ব্যক্তিত্বরা বাংলাদেশ সফর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী গিলবার্তো সিলভা, জার্মানির সাবেক তারকা মেসুত ওজিল, ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান এবং বিশ্বকাপজয়ী ক্রিস্টিয়ান কারেম্বুসহ একাধিক আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন। এবার সেই তালিকায় কিলিয়ান এমবাপ্পের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।