শিক্ষার্থীদের তিন দাবি নিয়ে জবি প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে প্রশাসনের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​বুধবার (৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক জরুরি সভা শেষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

​বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপাচার্য সকলকে সর্বোচ্চ ধৈর্য, দায়িত্বশীলতা ও সংঘাত এড়িয়ে সংলাপের আহ্বান জানান। অনুষ্ঠিত জরুরি সভায় লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজিম উদ্দিন এবং স্থানীয় থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দাবির বিষয়ে প্রশাসনের বক্তব্য:
​১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর অধীনে করা: প্রশাসন জানায়, দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম পর্যায়ের কাজ ইতোমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান রয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ের কাজ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।
২. অস্থায়ী ও স্থায়ী আবাসন: সরকার স্থায়ী আবাসনকেই অধিক যৌক্তিক মনে করায় পূর্বের অস্থায়ী আবাসনের প্রস্তাব অনুমোদিত হয়নি। তবে বর্তমান উপাচার্যের প্রচেষ্টায় স্থায়ী আবাসিক ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট কোডে ২০ কোটি টাকা বরাদ্দ এসেছে। আরও ৮ কোটি টাকার আবেদন করা হয়েছে। টেন্ডারে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রশাসন জানায়, ই-জিপি (e-GP) পদ্ধতিতে ১২টি দরপত্র জমা পড়েছে এবং মূল্যায়ন কাজ স্বচ্ছতার সাথে চলছে, এখনও কাউকেই কাজ দেওয়া হয়নি।
৩. মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন: ইউজিসির সাথে আলোচনার প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ইতোমধ্যে ৩ থেকে ৪টি নতুন চিকিৎসক পদের অনুমোদন পাওয়া গেছে। দ্রুত নিয়োগ সম্পন্ন করে স্বাস্থ্যসেবা উন্নত করা হবে।

​ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণে ৩ সিদ্ধান্ত:
​১. শিক্ষার্থীদেরকে সর্বক্ষণ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সাথে রাখতে হবে।
২. কোনো অপরিচিত ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সজাগ থাকবেন।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন গুজবে কান না দিয়ে “টিম জগন্নাথ” চেতনায় আলোচনা ও যুক্তির মাধ্যমে জবিকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top