বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার ও তার স্ত্রী। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ভবনের ভেতরে বড় ধরনের আগুন ছড়িয়ে না পড়লেও একটি টেলিভিশনে আগুন লেগে ধোঁয়া পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। পরে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া অপসারণ করা হয় এবং পুরো ভবন তল্লাশি করে নিরাপদ ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।

পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানায়, বাসভবনের দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া হাইকমিশনার ও তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top