রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত, চূড়ান্ত সিদ্ধান্ত ১১ দলীয় জোটে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধী দলের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বৈঠকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিরোধী জোটের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করতে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সভা আহ্বান করা হয়েছে।

ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। অর্থাৎ জামায়াত নিজস্ব প্রার্থী দেবে নাকি জোটের ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থীকে সমর্থন করবে, তা নির্ধারিত হবে শরিক দলগুলোর আলোচনার পর।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও মতবিনিময় করেন নেতারা।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী জোটের সমন্বিত অবস্থান আরও সুসংহত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে বিরোধী জোটের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হলো। এখন নজর থাকবে রোববারের ১১ দলীয় ঐক্যের বৈঠকে, যেখানে বিরোধী পক্ষের প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top