রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভূমিকার বিবেচনায় বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদের জন্য তাকে উপযুক্ত মনে করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, ১১ দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনে তাদের একজন অভিন্ন প্রার্থী থাকবেন। সেই প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।

অলি আহমদকে প্রার্থী করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা। বর্তমান সময়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েছে জোট। তার নেতৃত্বে দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে ১১ দল।

রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার মতে, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার এনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নতুন ব্যবস্থা গড়ে তোলা উচিত ছিল।

তিনি বলেন, জুলাই সনদ প্রণয়নের সময় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। সেখানে এমন একটি ব্যবস্থার প্রস্তাব করা হয়, যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে একজন সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হতে পারে।

নাহিদ ইসলামের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার বিষয়টিও জুলাই সনদে আলোচিত হয়েছিল। রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়েও বিভিন্ন প্রস্তাব ছিল।

তিনি বলেন, ১১ দল আশা করেছিল জাতীয় নির্বাচন শেষে গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে পাওয়া ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এরপর একটি সংস্কার পরিষদ গঠন করে সংস্কারকৃত সংবিধানের অধীনে নতুন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে সেই প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার বক্তব্য অনুযায়ী, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে না আসায় রাষ্ট্রপতি নির্বাচন ও সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ঐকমত্য তৈরির সুযোগ তৈরি হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিজেদের অভিন্ন প্রার্থী দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top