মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় লাগামহীন লোডশেডিং জনজীবনকে বিপর্যন্ত করে তুলেছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম পোলট্রি জোন হিসেবে পরিচিত এই অঞ্চলের ব্যবসায়ীরা পড়েছেন মারাত্মক সংকটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোয়ালন্দ ও বালিয়াকান্দিতে বিদ্যুতের সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। একের পর এক লোডশেডিংয়ের কারণে দিনের পাশাপাশি রাতেও জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
গত এক সপ্তাহে দিন এবং রাতের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। সকাল, বিকেল সন্ধ্যা, রাত ও গভীর রাতেও একাধিকবার বিদ্যুৎ বন্ধ ও চালু হয়। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয়রা।
তীব্র গরমে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলট্রি খাত। বিদ্যুৎ না থাকায় খামারগুলোতে বাধ্য হয়ে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। পাশাপাশি অতিরিক্ত গরমে অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটছে বলে জানান খামারিরা।
গোয়ালন্দ গোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বলেন, ‘নিয়মিত লোডশেডিং ও তীব্র গরমে পোলট্রি খামারিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। জেনারেটর চালিয়ে খরচ সামলানো অসম্ভব হয়ে উঠছে। অনেক খামার নন্ধ হওয়ার পথে।’
হাসপাতালে বাড়ছে দুর্ভোগ লোডশেডিংয়ের প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবাতেও। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর না থাকায় রোগীরা গরমে অস্বস্তিতে আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর দীর্ঘদিন ধরে বিকল পরে আছে তেল সংকটে। এতে লোডশেডিংয়ের কারণে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা একই অভিযোগ করেছেন। বিশেষ করে শ্বাসকষ্ট ও ব্যয়স্ক রোগীরা গরমে বেশি কষ্ট পাচ্ছেন।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ: ঘন ঘন লোডশেডিংয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভায় একই চিত্র। তবে গ্রাম্য এলাকায় পল্লি বিদ্যুতের অবস্থা আরও খারাপ। সারাদিন ও রাতের গরমে শিশুরা ঠান্ডা কাশির মতো রোগে আক্রান্ত হচ্ছে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা।
তাছাড়া সাধারণ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না এইচ এস সি পরীক্ষা সদ্য শেষ হলেও এখনো রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। রাতের সময় বিদ্যুৎ না থাকায় অনেককে মোমবাতি বা চার্জলাইটের আলোয় পড়তে হচ্ছে।
অধিকাংশ বিদ্যালয়ে জেনারেটর না থাকায় শ্রেনী কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পরছে। বিশেষ করে ছাত্র ছাত্রী শ্রেনীকক্ষে টিকতে পারছে না।
অন্যদিকে অধিকাংশ অটোরিকশাচালক অভিযোগ করে বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারেন না। এক বেলা গাড়ি চালালে আরেক বেলা বসে থাকতে হয়। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোয়ালন্দ কার্যালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘গোয়ালন্দে বিদ্যুতের চাহিদা প্রায় ৭ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে সাড়ে ৩ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বাধ্য হয়েই লোডশেডিং করে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে।’
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াকান্দি সাব জোনাল অফিসের এজিএম এর মোবাইল ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।