মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে ৭ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন। যেখানে তৈরি হচ্ছে ৪৮ টি ফ্ল্যাট। বসবাস করতে পারবে ৪৮ টি পরিবার। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি কার্যালয়ের তথ্যমতে, রাজবাড়ী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পটির আওতায় ৭ তলা বিশিষ্ট একটি ভবন। ৪৮টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান রয়েছে। এ প্রকল্পটির চুক্তিমূল্য ধরা হয়েছে ১৪ কোটি ২৯ লক্ষ ৩ হাজার ৮০০ টাকা। কাজ সম্পন্ন করার ঠিকাদারী প্রতিষ্ঠান ডিসিএল এন্ড জেবিএল (জেভি’র) সাথে গত ২০২৩ সালের ১৪ ডিসেম্বর চুক্তি হয়। ২০২৩ সালে ১৪ ডিসেম্বর কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর কাজটি সমাপ্ত হওয়ার কথা ছিল। এ দিকে নির্দিষ্ট সময় পার হওয়ার পর ৬ মাস সময় বাড়ানো হলেও শেষ হয়নি কাজ। তবে চুক্তিমূল্য ঠিক রেখে আগামী বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে রাজবাড়ী এলজিইডি।
মঙ্গলবার সকালে সরেজমিনে রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকান্দপল্লী (হরিজন) পল্লীতে গিয়ে দেখাযায়, সেখানে সাততলা ভবনের মূল অবকাঠামো তৈরি সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহুর্তের কর্মকান্ড। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা কমিটির সাবেক সভাপতি বাসুদেব কুমার মন্ডল বলেন, হরিজন সম্প্রদায় সব সময় অবহেলিত। আমাদের কথা কেউ ভাবেনা। তারপরও সরকার আমাদের নিজস্ব পাকা ঘর দিচ্ছে এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যেই ১০৭ টি পরিচ্ছন্নতাকর্মী পরিবার রয়েছে। এখানে ফ্লাট নির্মাণ হচ্ছে ৪৮টি। বাকি ৫৯ টি পরিবারের কি হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত। আবার যে ফ্লাটগুলো তৈরি করা হচ্ছে সেগুলো স্বাভাবিকের ছেয়ে ছোট। সরকার আমাদের সব বিষয় ভাববে বলে আমরা আশা করি।
রাজবাড়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান বলেন, রাজবাড়ী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প যে স্থানে হচ্ছে সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের বসবাস ছিল। সেখান থেকে তাদের সরিয়ে কাজ শুরু করতে কিছুটা সময় লেগেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি। তাদের সময় বাড়ানো হলেও প্রকল্পের ব্যায় বাড়েনি। এ ভবন নির্মাণ কাজটি যাতে কাজের মান ঠিক রেখে আগামী বছরের এপ্রিলের মধ্যে শেষ হয় সেজন্য আমারা দেখাশোনা ও তদারকি করছি।