মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের ফার্মেসি মালিকদের দীর্ঘদিনের সাংগঠনিক সংকটের অবসান ঘটেছে। প্রায় দুই দশকেরও বেশি সময় পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে গুরুদাসপুর পৌর বিসিডিএসের নতুন কমিটি।
পৌর সদরের ৬৬টি ফার্মেসির মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নাদিয়া ফার্মেসির স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ সভাপতি এবং বুশরা ফার্মেসির স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল বাশার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন কোনো কার্যকর কমিটি না থাকায় ফার্মেসি মালিকদের পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এ অবস্থায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রধান উপদেষ্টা ডা. বিধান চন্দ্র দাম। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে গুরুদাসপুরবাসীকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এ সময় তিনি গুরুদাসপুরের ফার্মেসি মালিকদের ঐক্যবদ্ধ করে একটি আদর্শ ও মডেল সমিতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, “গুরুদাসপুর পৌরসভার ৬৬টি ফার্মেসির মালিক স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। সুন্দর ও স্বচ্ছ পরিবেশে ভোটের মাধ্যমে তারা আমাদের নির্বাচিত করেছেন। আমরা ফার্মেসি মালিকদের কল্যাণের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। ভবিষ্যতে পুরো গুরুদাসপুর উপজেলার ফার্মেসি মালিকদের নিয়ে একটি সুন্দর, স্বচ্ছ ও মডেল কমিটি উপহার দিতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার বলেন, “গুরুদাসপুর উপজেলার চারটি ইউনিয়নে কমিটির কার্যক্রম সক্রিয়ভাবে চলছে। বিয়াঘাট ও চাপিলা ইউনিয়নে অতি দ্রুত কমিটি গঠন করা হবে। জনগণের কল্যাণ ও ফার্মেসি মালিকদের বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সংগঠন গড়ে তোলার চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাধারণ ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় ফার্মেসি মালিকদের সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে ফার্মেসি মালিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।