রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা অনুমোদন করেন।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইতোমধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ ও সেলিমা রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং কয়েকজন হুইপও বৈঠকে অংশ নেন।

দলের দীর্ঘ রাজনৈতিক সংকটের সময়ে মির্জা ফখরুল বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে তিনি দলের শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় তিনি একাধিকবার কারাবন্দীও হন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দলের অভ্যন্তরে এবং রাজনৈতিক পরিসরে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিসাবও এখন স্পষ্ট হয়ে উঠছে। এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top