মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকাররম হোসেন মোল্লা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমটাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাররম হোসেন মোল্লা ওই গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে মোকাররম নিজ বাড়িতে ঘরের বৈদ্যুতিক ফ্যানের সুইচ চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘরের মধ্যে পড়ে যায়।
এ সময় তার বড় ভাই মুসা মোল্লা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা মোকাররমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে স্থানীয় রাজবাড়ীপুর বাজারের পল্লী চিকিৎসক আফতাব উদ্দিন খান তাকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন মিয়া ঘটনাটি সম্পর্কে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।