মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী এলাকায় পেঁয়াজ পচা নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে মোটরসাইকেল থামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল হোসেন মোল্লা নামে এক ব্যক্তি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী আবুল হোসেন মোল্লা (৪০), পিতা—মৃত খোরশেদ আলী মোল্লা, বড় হিজলী গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে মো. সবুজ মোল্লা (৩৫) বেঁকুরী বাজারে পেঁয়াজের আড়তে কাজ করেন। গত কয়েকদিন আগে পেঁয়াজ পচা থাকার বিষয়টি নিয়ে ওই আড়তের এক ব্যক্তির সঙ্গে বিবাদীদের একজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার কমিটি বিষয়টি মীমাংসা করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১২ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযোগে উল্লিখিত কয়েকজন ব্যক্তি একত্র হয়ে মো. ওবায়দুর রহমান (৫৫), পিতা—মৃত খোরশেদ আলী মোল্লা এবং মো. মেহেদী হাসান (৪৫), পিতা—আব্দুল হামিদ মোল্লার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত ওবায়দুর রহমান ও মেহেদী হাসানকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আবুল হোসেন মোল্লা বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় একটি দুঃখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।