রাজবাড়ীতে সরকারি বরাদ্দের অপেক্ষা নয়, নিজ উদ্যোগে বড়ইচারার রাস্তা সংস্কার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে অবশেষে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। মৃগী ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক সোয়াইব হোসেন বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে কাঁচা রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়ইচারা গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি বর্ষার পানিতে কাদায় পরিণত হয়েছে। ফলে রাস্তাটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ইটের রাবিশ ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন সোয়াইব হোসেন বাচ্চু। এ কাজে এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সোয়াইব হোসেন বাচ্চু বলেন, “জনগণের কষ্ট লাঘবের জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। সরকারি বরাদ্দ না আসা পর্যন্ত আপাতত ইটের রাবিশ দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হচ্ছে। ভবিষ্যতে এখানে পাকা রাস্তার দাবিও জানাবো।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হয়।

রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে তারা জানান, ইটের রাবিশ দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধানের জন্য রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বড়ইচারা গ্রামের রাস্তাটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সরকারি বরাদ্দের মাধ্যমে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top