মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজবাড়ী পুলিশ লাইন্সে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। এ সময় তিনি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাক-পরিচ্ছন্নতা পরিদর্শন ও মূল্যায়ন করেন। পরে দক্ষতা ও উত্তম পোশাকের ভিত্তিতে সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন মানদণ্ড ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) মো. সোহেবুর রহমান, এএসআই (নিঃ) মশিউর রহমান ও এএসআই (নিঃ) মো. হাবিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) ওয়াহিদুল ইসলাম, সার্জেন্ট খায়রুল আলম, সাইবার ক্রাইম সেলের এসআই (নিঃ) আশিক ইমরান ও তাঁর টিম। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে অসামান্য সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ রতন কুমার সরকারকে পুরস্কৃত করা হয়।
এরপর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।