সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি ও পথসভায় মাদক ব্যবসা, মাদক সেবন এবং এর ভয়াবহ সামাজিক ক্ষতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
মাদকবিরোধী এ পথসভা ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাইছার হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফসিউল আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু বক্কর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় অভিভাবকদের উদ্দেশে সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্তানদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় ফাঁসিয়াখালীকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
কর্মসূচি থেকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
স্থান: গুলিস্তান বাজার, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন, লামা, বান্দরবান।
সবার প্রত্যয়—মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।
গড়ে উঠুক মাদকমুক্ত ফাঁসিয়াখালী।