মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নানকে পাওয়া যায়নি সকাল ১১ টা পর্যন্ত। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে তার কার্যালয়ে গিয়ে তাকে অনুপস্থিত পাওয়া যায়।
অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সময় পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হননি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করা সরকারি চাকরির শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ।
জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নান প্রতি বৃহস্পতিবার অফিস শেষে ঢাকার বাসায় চলে যান। এরপর রবিব-ার ঢাকা থেকে পাংশায় এসে অফিস করেন। এ কারণে রবিবার তার অফিসে আসতে দেরি হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল বলেন, “স্যারের সঙ্গে আজ সকাল থেকে কথা হয়নি। অন্যান্য দিন তিনি সময়মতো অফিস করেন। রবিবার ঢাকা থেকে আসেন, তাই একটু দেরি হয়।”
এ বিষয়ে মুঠোফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঢাকা থেকে রওনা হয়েছি। এখনো পথে আছি। অফিসে আসতে আরও কিছু সময় লাগবে। জরুরি কাজ ছিল, বিধায় অফিসে আসতে দেরি হচ্ছে।”
তবে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার সরকারি নির্দেশনা এবং সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থানের নির্দেশনার পরও কেন তিনি সকাল ১১টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত ছিলেন না এ বিষয়ে তার বক্তব্যে জরুরি কাজের কথা উল্লেখ করা হলেও ওই কাজের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।