রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে পাঁচ দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার বাসস্ট্যান্ডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পাটের দোকান, ফার্মেসি, মুদি দোকান ও রাইস মিলসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বহরপুর বাজারের পাট ব্যবসায়ী আফতাবুজ্জামানের পাটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনের খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাজবাড়ী সদর ও কালুখালী ফায়ার সার্ভিসের ইউনিটও সেখানে যোগ দেয়। তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইমরুল হাসান সুমনের ফাতেমা ফার্মেসি। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিমরাজুল হকের জাফির ষ্টোর মুদি দোকানে প্রায় ৩ লাখ টাকা, জাহিদুল ইসলামের আস্থা ফার্মেসিতে প্রায় ৬ লাখ টাকা এবং আব্দুল জলিল সরদারের রাইস মিলে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফতাবুজ্জামানের ‘মোল্লা ট্রেডার্স’ নামের পাটের দোকান। সেখানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া প্রাথমিক হিসাবের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে; বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top