মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী, তার ছেলে, দেবরের ছেলে ও এক নারীসহ কয়েকজনকে মারধর, ঘরের কাজের সরঞ্জাম নিয়ে পুকুরে ফেলে দেওয়াসহ হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শহীদনগর গ্রামের মৃত সাহেব আলী বিশ্বাসের স্ত্রী ছকিনা বেগম (৪০) বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে সুজন মোল্লা (৪২), ইমদাদুল ওরফে ইন্দা (৩৮), মিজান মোল্লা (৪০) ও কাশেম মোল্লা (৬৮)-কে বিবাদী করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ছকিনা বেগমের পরিবারের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগকারীর দাবি, এ বিরোধকে কেন্দ্র করে তার স্বামীকে একাধিকবার মারধর করা হয়েছিল এবং পরে অসুস্থ হয়ে তিনি মারা যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জমি নিয়ে বিরোধের সমাধান হওয়ার পর রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে ছকিনা বেগম রাজমিস্ত্রি নিয়ে ওই জমিতে ঘরের কাজ করতে যান।
অভিযোগে বলা হয়, এ সময় ১ ও ২ নম্বর বিবাদী শাবল নিয়ে ছকিনা বেগম ও তার ছেলের ওপর হামলা করেন এবং জমি থেকে চলে যেতে হুমকি দেন। তারা স্থানীয় সালিশ-দরবার মানেন না বলেও দাবি করেন। পরে ছকিনা বেগম থানায় অভিযোগ করতে গেলে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তার একমাত্র ছেলে রাহাদকে মারধর করে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি থানায় অভিযোগ না করেই বাড়িতে ফিরে যান।
বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, তার দেবরের ছেলে জিসান (১৯) রাহাদের বাঁধন খুলতে গেলে তাকে ইট-পাটকেল দিয়ে আঘাত করা হয়েছে। একই সময় ঘরের কাজ করতে আসা রাজমিস্ত্রিদেরও মারধর করে তাদের কাজের সরঞ্জাম কেড়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় জিসান, তার মা সুমি বেগম, ছকিনা বেগম ও তার ছেলে রাহাদ আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন বাধা দিতে গেলে বিবাদীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন বলে দাবি করেন অভিযোগকারী।
অভিযোগে আরও বলা হয়, আহত অবস্থায় তারা থানার দিকে রওনা হলে বিবাদীরা রামদা, শাবল ও ইট-পাটকেল নিয়ে পুনরায় তাদের ধাওয়া করেন। এ সময় জিসানের ব্যবহৃত টিভিএস ফোর-ভি ১৬০ সিসি মোটরসাইকেলের পেছনের লাইট ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিবাদীদের ধাওয়া খেয়ে তারা থানায় গিয়ে আশ্রয় নেন।
ছকিনা বেগম অভিযোগে আরও উল্লেখ করেন, বিবাদীরা তাদের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, ‘আবারও জমি নিয়ে কথা বলতে আসলে এই জমির ওপরেই তোদের মেরে পুঁতে ফেলবো।’ এমনকি থানায় আসার পরও বিবাদীরা লাঠি ও বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের বাড়ির সামনে অবস্থান করছে বলে তিনি জানতে পারেন।
এ বিষয়ে ছকিনা বেগম বলেন, তিনি তার ছোট ছেলেকে নিয়ে বাড়িতে অবস্থান করেন। বিবাদীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে না গিয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বালিয়াকান্দি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগের বিষয়ে বিবাদীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।