ইয়াংছা ইউনিয়ন গঠন নিয়ে গণশুনানির তারিখ ঘোষণা, ১৯ ও ২৪ আগস্ট দুই দফায় শুনানি

সাদ্দাম হোসেন সাইফ, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত “০৮নং ইয়াংছা ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠন সংক্রান্ত গণশুনানির তারিখ ও স্থান নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন।

লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত নতুন ইয়াংছা ইউনিয়ন গঠন সংক্রান্ত বিষয়ে আগামী ১৯ আগস্ট ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং ২৪ আগস্ট ২০২৬ তারিখে কুমারী পুলিশ ক্যাম্প মাঠে গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে প্রস্তাবিত নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ, জনসংখ্যা, আয়তন, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক সুবিধা, জনসাধারণের সেবা প্রাপ্তির সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জনগণের মতামত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সভায় উপস্থাপন ও পর্যালোচনা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবিত ইউনিয়ন গঠন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হয়ে গঠনমূলক মতামত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত সরকারি পত্রে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

গণশুনানির সময়সূচি

১৯ আগস্ট ২০২৬ — ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়,
২৪ আগস্ট ২০২৬ — কুমারী পুলিশ ক্যাম্প মাঠ

প্রস্তাবিত ০৮নং ইয়াংছা ইউনিয়ন গঠনের বিষয়ে স্থানীয় জনগণের মতামত, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে এ গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top