দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, ভাতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী। এতে জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন এবং তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।

স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের আধুনিকায়নের সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দলিল লেখকদের ভাতা বৃদ্ধি, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল প্রস্তুতের সুযোগ না দেওয়া এবং দলিল লেখকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

দলিল লেখক সমিতির নেতারা বলেন, ভূমি ও দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমে দলিল লেখকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভূমিকা রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে রেজিস্ট্রেশন পদ্ধতিতে নানা পরিবর্তন ও আধুনিকায়ন হলেও দলিল লেখকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। ফলে তাঁদের মধ্যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাঁদের অভিযোগ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকদের বাইরে অন্যদের দিয়ে দলিল প্রস্তুতের সুযোগ তৈরি হলে একদিকে পেশাগতভাবে লাইসেন্সধারী দলিল লেখকরা ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে দলিল প্রস্তুত ও রেজিস্ট্রেশন কার্যক্রমে জটিলতা তৈরির আশঙ্কা থাকে। তাই সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে কার্যকর করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দলিল লেখকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হবে। একই সঙ্গে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

স্মারকলিপি গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন দলিল লেখকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় চিলাহাটির আতিফুর রহমান, ডোমারের মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ডিমলার আফাজ উদ্দিন, জলঢাকার মিঠুসহ জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top