মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন। নিহত চালকের নাম নজরুল ইসলাম (২৮)। তিনি বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।
এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। এ দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
অন্যদিকে, দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত আটজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহতরা হলেন- কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিপ্লব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জ্বল (৩২), জুলিয়ার আলমগীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহ জেলার শৈলকুপার মাসুদ রানা (৪০)। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘সকালে পাংশা কলেজ মোড়সংলগ্ন পাইকারা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও আমাদের টিম রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’