সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই

নিজস্ব প্রতিনিধি:

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ও বিস্তারিত পারিবারিক তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা ও দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌফীক নাওয়াজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী। পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইন পেশার পাশাপাশি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতের জন্য।

বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলায় আসামি হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে তাকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। গত ২৭ মাসের মধ্যে দীপু মনিকে প্যারোলে মুক্তির ওই আবেদনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি।

তৌফীক নাওয়াজের মৃত্যুর পর স্ত্রী দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবারও আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বুধবার সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে আবেদন করা হবে।

তৌফীক নাওয়াজের মৃত্যুর খবর নিশ্চিত করে তার শ্যালক ও দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার জানাজা ও দাফনের স্থান এবং সময় এখনো চূড়ান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুরের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top