মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকায় যাতায়াতের প্রধান সড়কটি তীব্র ভাঙনের মুখে পড়েছে। এতে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা হিসেবে বালুভর্তি জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বহরপুর ইউনিয়নের নতুনচর থেকে আবাসন এলাকার সড়ক ভাঙন রোধে নিজ অর্থায়নে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ আহমেদ আশিক।
উদ্বোধনকালে মোঃ ফরিদ আহমেদ আশিক বলেন, নতুনচর ও আবাসন এলাকার এই জনবহুল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এ ছাড়া সড়কের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় কোমলমতি শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সাম্প্রতিক বৃষ্টি ও ভাঙনের কারণে সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে।
তিনি বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় আপাতত সড়কটি চলাচলের উপযোগী রাখতে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সড়কটির ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক প্লাইসাইটিং ওয়াল (পাকা দেয়াল) নির্মাণ করা প্রয়োজন।
এ সময় তিনি সড়কটির স্থায়ী সংস্কার ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, দ্রুত স্থায়ী সমাধান করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত ও যোগাযোগ দুর্ভোগ দূর হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।