মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় জজ আলী বিশ্বাস (৩৫) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে দড়ি বাংলাট মাঠ এলাকায় মারধরের ঘটনায় গুরুতর আহত জজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার দুজন হলেন—পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের হাকিম মন্ডল (৫০) ও করিম মন্ডল (৬৫)। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট রাত আনুমানিক ৪টার দিকে দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের রাস্তায় জজ আলীকে ডেকে নেওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রাখা হয়।
পরে পাংশা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জজ আলীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে ২০ আগস্ট পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নম্বর-১০, জিআর নম্বর-১৬৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় দুই আসামি হাকিম মন্ডল ও করিম মন্ডলকে গ্রেপ্তার করেছেন। পরে তাদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।