তজুমদ্দিনে ৪১ চান্দিনা ভিটা নিয়ে অনিয়মের অভিযোগ, পুনঃবরাদ্দের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বরাদ্দ বাতিল করে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নিয়ম অনুযায়ী পুনরায় বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের অধীনে শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। এর আগে ওই স্থানে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০০৭ সালে তাদের প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভিটা বরাদ্দের জন্য আবেদন গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও আবেদন করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসব ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে অনেকে প্রকৃত ব্যবসায়ী নন। এমনকি সরকারি চাকরিজীবীদের নামেও নিয়মবহির্ভূতভাবে ভিটা বরাদ্দ দেওয়ার অভিযোগ করেন তারা।

এছাড়া একসনা লিজ নেওয়ার পর অধিকাংশ ভিটা অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর, নিয়মবহির্ভূতভাবে পাকা স্থাপনা নির্মাণ এবং নিজে ব্যবসা করার শর্তে বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়ার অভিযোগও করা হয়। কিছু ভিটা মৃত ব্যক্তিদের নামেও বরাদ্দ চলমান রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তৎকালীন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের নামে এসব ভিটা বরাদ্দ নেওয়া হয়েছে। তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা জানান, এসব অনিয়মের বিষয়ে চলতি বছরের ২ এপ্রিল তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, অনিয়মের মাধ্যমে দেওয়া বরাদ্দ বাতিল এবং প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নিয়ম অনুযায়ী চান্দিনা ভিটা পুনঃবরাদ্দের দাবি জানান।

শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ভিটা বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মধ্যে আলহাজ অজিউল্যাহ হাওলাদার, কাজী আলমগীর হোসেন, আমিরুল ইসলাম বাবলু, ফরিদ উদ্দিন ফকির, কামরুল হাসান, মো. ইব্রাহিম গাজী, মো. ইউসুফ, মো. নিরব, গোলাম মোস্তফা লিটন, মো. বাচ্চু মিয়াসহ ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top