রাজবাড়ীতে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ, দেয়াল ধসে প্রাণ গেল শিশুর

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াদ হোসেন ওই গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু ছোয়াদ। এ সময় হঠাৎ পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা খামারপাড়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাত বছর বয়সী ছোয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু ছোয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top