রাজবাড়ী ও ফরিদপুরে সেনাবাহিনী প্রধানের উদ্যোগে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ফরিদপুরে ‘মিলিটারী কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)’ এবং রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

রোববার (২৩ আগস্ট) পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির উদ্বোধন করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৫ সেনাবাহিনী প্রধান ফরিদপুর আর্মি ল্যান্ড পরিদর্শনকালে ফরিদপুরে একটি মিলিটারী কলেজিয়েট স্কুল নির্মাণের বিষয়ে সম্মতি দেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ মে মিলিটারী কলেজিয়েট স্কুল ফরিদপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনার আদলে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি।

এদিকে ফরিদপুরের ওই এলাকায় এডুকেশন ভিলেজের অংশ হিসেবে একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ এবং একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৫ জানুয়ারি রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ) বাংলাদেশ সেনাবাহিনীর একটি ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হয়। ওই সময় স্থানীয় বেসামরিক প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে রাজবাড়ীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী প্রধান।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটির জন্য একটি আটতলা একাডেমিক ভবন, লাইব্রেরি কমপ্লেক্স ও শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম, ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েক, কর্নেল অ্যাডমিন কর্নেল মো. শহীদুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর অধ্যক্ষ ক্যাপ্টেন রওনক জারিফ সায়রসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা, করিম গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদ মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসার, শৃঙ্খলা, সততা, দেশপ্রেম, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top