জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন একাডেমিক ডকুমেন্ট মডিউলের উদ্বোধন

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ভোগান্তি লাঘব করতে ‘Apply for Academic Documents (Certificate & Transcript)’ মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েব অ্যাপ্লিকেশনটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ব্যক্তিগত অবহেলা বা দায়িত্বে শৈথিল্য যেন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রাকে ব্যাহত না করে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষত দাপ্তরিক কাজে ইচ্ছাকৃত গাফিলতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি উদ্বোধনী আয়োজনে উপস্থিত শিক্ষক ও সংশ্লিষ্টদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবহারকারীদের পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে এই অনলাইন ব্যবস্থাকে ধাপে ধাপে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তোলা হবে।

​উল্লেখ্য, এই অনলাইন মডিউলটি চালু হওয়ার ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় সকল একাডেমিক ডকুমেন্টের জন্য অনলাইনে আবেদন এবং তা উত্তোলনের সুযোগ পাবেন। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও সময় অপচয় অনেকাংশে কমে আসবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, পিআরআইপির পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top