জবিতে এআই ও ডেটা সায়েন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি:

বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সম্ভাবনাময় খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের মৌলিক বিষয়গুলো তরুণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘পিপলএনটেক’ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

​অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ উম্মে হানি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘সুপারভাইজড লার্নিং’, ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ এবং সামগ্রিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সের প্রায়োগিক দিকগুলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক-এর বিজনেস ম্যানেজার মো. আশরাফুল মোর্শেদ। তিনি মানুষ এবং প্রযুক্তির মেলবন্ধনের ওপর জোর দিয়ে বলেন, “মানুষ আর টেকনোলজির মধ্যে কার্যকর কানেকশন প্রতিষ্ঠা করাই পিপলএনটেক এর মূল লক্ষ্য। আমরা যত সামনে যাবো, প্রযুক্তির প্রয়োজনীয়তা তত বাড়বে।”

​তিনি প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে আরও বলেন, “২০০৪ সাল থেকে আমরা আমেরিকায় আইটি ট্রেনিং ও জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছি। বাংলাদেশেও গত ১২ বছরের বেশি সময় ধরে আমরা এই সেবা দিয়ে আসছি। এই দীর্ঘ সময়ে আমরা প্রায় ২০,০০০ শিক্ষার্থীকে আধুনিক আইটি ট্রেনিং প্রদান করেছি এবং ৯,০০০ এর বেশি শিক্ষার্থীকে সফলভাবে জব প্লেসমেন্টে সহায়তা করেছি। অত্যন্ত আনন্দের বিষয় হলো, আমাদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ শতাংশই এসেছেন নন-টেকনিক্যাল বা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এবং তারা বর্তমানে আইটি সেক্টরে সফলভাবে চাকরি করছেন।”

​অনুষ্ঠানে পিপলএনটেক-এর হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ ফারজানা আক্তার আঁখিও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের করপোরেট জগতের নানা দিক এবং চাকরি বাজারের জন্য নিজেদের কীভাবে প্রস্তুত করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

​কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযুক্ত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এমন তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবহারিক কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top