দিল্লির শিক্ষার্থী বিক্ষোভে ‘সাদা পোশাকের পুলিশ’ দিয়ে হামলার অভিযোগ অখিলেশ যাদবের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভ দমনে সাদা পোশাকে থাকা ব্যক্তিদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অখিলেশ যাদব বলেন, স্বাধীনতার পর কোনো গণতান্ত্রিক সরকারের সময়ে জনগণের সঙ্গে এমন আচরণ কল্পনাও করা যায় না। তার দাবি, সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি আন্দোলনকারীদের মারধর করেছেন, যা তাকে অতীতের স্বৈরশাসনের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার নিজেদের মন্ত্রীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। তার ভাষ্য, মন্ত্রীদের পদত্যাগে বাধ্য করা হলে সরকারের বিভিন্ন গোপন তথ্য প্রকাশ্যে আসতে পারে বলেই সরকার এমন সিদ্ধান্ত নিতে চাইছে না।

সোমবার রাজধানীর যন্তর-মন্তর এলাকায় হাজারো শিক্ষার্থী ও সমর্থক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সমাবেশ করেন। পরে তারা সংসদ অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে মোট ১৭৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন আন্দোলনকারী রয়েছেন।

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস আচরণ করে নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল। সে কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তবে আন্দোলনের আয়োজকরা পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের কঠোর পদক্ষেপ ভারতের গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।

ভারতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক এবং ভর্তি পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার প্রভাবেই শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top