নিজস্ব প্রতিনিধি:
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা বাড়লেও শিক্ষা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি শেষ করা হচ্ছে।
শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত হয়ে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্রের মতে, আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ ওই সময়ের মধ্যে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি কর্মসূচির সঙ্গেও সময়সূচি সমন্বয় করা সহজ হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য ছিল। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় তা সম্ভব হয়নি। বর্তমানে দ্রুততম সময়ে ফল প্রস্তুতের কাজ চলছে এবং শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বোর্ডগুলোর কাজ শেষ হলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রশাসনিক বিবেচনায় ৩০ জুলাই ফল ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।
এ বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।
গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ফল প্রস্তুতের সব আনুষ্ঠানিকতা শেষ হলে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।