সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ,আহত ২৫

মোহাইমিনুল হাসান,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে সংগঠন দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদলের দাবি, রায়সাহেব বাজারের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু, সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, দুপুর ৩টার দিকে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে তাদের লক্ষ্য করে ইট, নারিকেলের খোসা ও লাঠি নিয়ে হামলা করা হয়। এতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে তারা হাসপাতালে গিয়েছিলেন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

সংঘর্ষের ঘটনায় হাসপাতাল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top